ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইজডেন ঘোষিত ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত বছরের পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ নির্বাচন করেছে উইজডেন, যা আজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পেস বিভাগে মুস্তাফিজের সঙ্গে একাদশে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি, ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার এবং ইংল্যান্ডের স্যাম কারান।
২০২৪ সালে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ ৪৩ ইনিংসে ৫৯টি উইকেট নেন। তার ইকোনমি রেট ছিল ওভারপ্রতি ৬.৭৮ এবং সেরা বোলিং ফিগার ১১ রানে ৩ উইকেট। উইজডেন জানায়, অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজের গড় সবচেয়ে ভালো—১৮.০৩, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
ব্যাটিং অর্ডারে ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারতের অভিষেক শর্মা ও ইংল্যান্ডের ফিল সল্টকে। তিনটি সেঞ্চুরিতে অভিষেক করেছেন ১,৬০২ রান এবং নিয়েছেন ১০ উইকেট। সল্টের ব্যাট থেকে এসেছে ১,৫৭৫ রান, যার মধ্যে রয়েছে একটি শতক।
তিন নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস, যিনি একটি সেঞ্চুরিতে করেছেন ১,২০০ রান। চার নম্বরে জায়গা পেয়েছেন অলরাউন্ডার স্যাম কারান, যার সংগ্রহ ১,৫২১ রান ও ৫১ উইকেট।
মিডল অর্ডারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফেরেইরা ও অস্ট্রেলিয়ার টিম ডেভিড। ফেরেইরা ৮০৯ রানের পাশাপাশি নিয়েছেন ১৩ উইকেট, আর একটি সেঞ্চুরিতে ডেভিড করেছেন ১,২৩১ রান।
দলের প্রধান স্পিনার হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন, যিনি ৩৯৫ রান ও ৩৬ উইকেট নিয়েছেন। তার সঙ্গে স্পিন বিভাগে আছেন ভারতের বরুণ চক্রবর্তী, যিনি একাই শিকার করেছেন ৫৫ উইকেট।
অলরাউন্ডার জেসন হোল্ডার ৮৪৬ রান ও ৯৭ উইকেট এবং পেসার জ্যাকব ডাফি ৫৮ উইকেট নিয়ে একাদশে জায়গা করে নিয়েছেন।
উইজডেনের ২০২৫ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে রয়েছেন—
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মুস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।


