ঢাকা  শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়ননির্দিষ্ট কিছু সুতার আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

নির্দিষ্ট কিছু সুতার আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ের

দেশীয় বস্ত্রকল মালিকদের স্বার্থ সুরক্ষায় বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় নির্দিষ্ট কাউন্টের সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।

গত সপ্তাহে পাঠানো ওই চিঠিতে স্থানীয় সুতা উৎপাদনকারীদের সুরক্ষার কথা উল্লেখ করে ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করা হয়।

টেক্সটাইল খাতে ‘কাউন্ট’ বলতে সুতার পুরুত্ব বা সূক্ষ্মতার মান বোঝায়। ১০ থেকে ৩০ কাউন্টের সুতা তুলনামূলকভাবে মাঝারি থেকে মোটা ধরনের এবং নিট পোশাক তৈরিতে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এই বহুল ব্যবহৃত সুতার ক্ষেত্রে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা স্থগিত অথবা ২০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে আবেদন করে।

বিটিএমএ জানিয়েছে, দেশের টেক্সটাইল খাতে প্রায় ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। তবে প্রতিবেশী একটি দেশ থেকে কম দামে ভর্তুকিপ্রাপ্ত সুতা আমদানির কারণে দেশীয় স্পিনিং মিলগুলোর একটি অংশ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ প্রেক্ষাপটে দেশীয় স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকার নীতিগত বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এসবের মধ্যে রয়েছে সুতা আমদানিতে কড়াকড়ি আরোপ, শুল্কমুক্ত সুবিধা সীমিত করা এবং স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহারে উৎসাহ দিতে প্রণোদনা চালু করা।

RELATED ARTICLES