পূর্বাচলের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে। দর্শনার্থীর সংখ্যা বাড়ায় বিভিন্ন স্টলে দেওয়া হচ্ছে নানা ধরনের আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার। দেশীয় পণ্যের স্টলগুলোতে সবচেয়ে বেশি ক্রেতার সমাগম দেখা যাচ্ছে, যা বিক্রিতে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে পাটজাত পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহ তুলনামূলকভাবে বেশি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক বাণিজ্যমেলায় জেডিপিসির প্যাভিলিয়ন ঘুরে এমন চিত্র দেখা যায়।
পাট পণ্যসামগ্রী বাজারজাতকরণে বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাণিজ্যমেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নজরকাড়া সব পাটজাত পণ্যে সাজানো হয়েছে প্যাভিলিয়নটি। এখানে সারাদেশের অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি ২৮৮টি দৃষ্টিনন্দন পাটপণ্য শোভা পাচ্ছে।
বহুমুখী পাট শিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্রের (জেইএসসি) তালিকাভুক্ত ২০টি উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার’ একটি প্যাভিলিয়নে অংশ নিয়েছেন হরেক রকম পাটজাত পণ্য নিয়ে। এখানে রয়েছে শতরঞ্জি, পাটের তৈরি টেবিল মেট, পাপোশ এবং তাঁতের তৈরি লেডিস ভেনেটি, ট্রাভেল হ্যান্ড পার্স, মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, আইপ্যাড এবং সব ধরনের অফিস ব্যাগ। এছাড়া থ্রিপিস, পাঞ্জাবি, শার্ট, নকশি কাঁথা, বেডশিট, লেডিস এবং জেন্টস ফতুয়া, মেক্সি, শতরঞ্জি, ওয়ালমেট পণ্য বিক্রি হচ্ছে।
সারাদেশের সাতটি জুট এন্ট্রাপ্রেনিউর সার্ভিস সেন্টার ঢাকা জেইএসসি, নরসিংদী জেইএসসি, রংপুর জেইএসসি, যশোর জেইএসসি, চট্টগ্রাম জেইএসসি, টাঙ্গাইল জেইএসসি এবং জামালপুর জেইএসসি, কুষ্টিয়া জেএসসি মেলায় অংশ নিয়েছে।


