দৈনিক দিনকালের নগর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের সদস্য আলী মামুদের নামাজে জানাজা অনুষ্ঠিত।
বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও তার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক দিনকাল প্রাঙ্গণে পৃথক তিনটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের পারিবারের সদস্যরা জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাব থেকে আজ মঙ্গলবার সকালে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের উপস্থিতিতে সকাল ৯টার পর জাতীয় প্রেসক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন।
সিনিয়র সাংবাদিক আলী মামুদের জন্ম ১৯৫৬ সালে রাজশাহীর পবা উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। রাজশাহীর দৈনিক বার্তা ছিল তার প্রথম কর্মস্থল। পরবর্তীতে ঢাকায় এসে দৈনিক দিনকালে যোগ দেন। দীর্ঘদিন এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
আলী মামুদের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

