উন্নয়ন বার্তা রিপোর্ট: পাহাড়ের অবৈধ সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ২০ হাজার ৩০০ পিস সামরিক পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে চট্টগ্রামের পুলিশ। এই পোশাকের সংখ্যা কথিত কুকি চিনদের মোট সংখ্যার চেয়েও বেশি। চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন নয়ারহাট এলাকাস্থ এই কারখানার মালিকসহ কতিপয় ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে । নয়ারহাটস্থ রিংভো এ্যাপারেলস নামের একটি বিতর্কিত কারখানা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই পোশাক জব্দ করলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে স্থানীয় সাংবাদিকরা জানান। এই কারখানার মালিক জনৈক সাইয়েদুল ইসলাম বলে জানা যায়। তিনি বিজিএমএ-এর সদস্যও নন। তবে এ ঘটনায় গত ১৮ মে ৪ জনকে আসামী করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এস আই ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে উল্লেখ্য করা হয়েছে যে, গত মার্চ মাসে পোশাকগুলো বানাতে কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার নামে ২ জন। কুকি চিনের সদস্য মংহল সিন মারমা ওরফে মং-এর কাছ থেকে দুই কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো বানানোর কাজ নেন। তারা কাপড়ও সরবরাহ করেন। মে মাসেই পোশাকগুলো সাপ্লাই বুঝে নেওয়ার কথা ছিলো। তবে এই কারখানার লোকজন এখন বলছেন যে, তারা এই কাজটি সাব-কন্ট্রাক্ট-এ করেছেন। তাহলে মূল কন্ট্রাক্টটি কার সঙ্গে ছিল-এই প্রশ্ন এখন সংশ্লিষ্ট মহলের।

