ঢাকা  বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রতিবেদন জমা আজ বুধবার

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রতিবেদন জমা আজ বুধবার

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন ও ভাতা সংক্রান্ত সুপারিশসহ প্রতিবেদন আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টায় জমা দেবে বেতন কমিশন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করবেন। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা। তবে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেওয়ার আগে এর বিস্তারিত বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।

দায়িত্বশীল সূত্র জানায়, বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার প্রস্তাব দিয়েছে। আর পুরো কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বেতন কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনটির বিভিন্ন দিক প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সামনে উপস্থাপন করবেন।

সূত্র অনুযায়ী, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় এ বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। অপরদিকে বর্তমানে সর্বোচ্চ ধাপে বেতন ৭৮ হাজার টাকা হলেও তা বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এদিকে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেতন কমিশনের হিসাব অনুযায়ী, নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামোয় তুলনামূলকভাবে নিম্নধাপের কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যবিশিষ্ট বেতন কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থসচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান।

RELATED ARTICLES