শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চট্টগ্রাম–এ সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তিনি বলেন, প্রায় দুই মাস আগে একটি সন্ত্রাসী গ্রুপ চট্টগ্রামের এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। পরে পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর বাসায় নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা করেন। সুবিধা করতে না পেরে ওই গ্রুপ পুনরায় ভারি অস্ত্র ব্যবহার করে গোলাগুলির ঘটনা ঘটায় বলে তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনী কতদিন মাঠে থাকবে তা উচ্চ পর্যায়ের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী দীর্ঘদিন মাঠে থাকতে আগ্রহী নয়, কারণ এতে তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম ও পোশাক পরিবর্তনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বাহিনী নিয়ে জনমতের একটি চাহিদা রয়েছে এবং জুলাই জাতীয় সনদেও এ বিষয়ে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, র্যাব একটি বিশেষায়িত বাহিনী। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে—এ বাহিনী প্রয়োজন কি না, এর কাঠামো, কার্যপরিধি (জুরিসডিকশন), জবাবদিহি ও স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা যায়—এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

