পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বান্দরবানের লামা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে তা সব উপজেলায় বাস্তবায়ন করা হবে।
রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পাহাড়ি এলাকায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। দুর্নীতি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। প্রয়োজনে কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা অত্যন্ত সংবেদনশীল। বিভিন্ন সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে তার সমাধান করা হবে। আগামী ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করার কথাও জানান তিনি। পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করেন।
তিনি এলজিইডি ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আনুষ্ঠানিকতার জন্য নয়, বরং তারেক রহমান–এর নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করতে তারা দায়িত্ব নিয়েছেন। ১৮০ দিনের প্রস্তাবনা বাস্তবায়ন তাদের অঙ্গীকার। ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ ও কৃষি বিপ্লবের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারি কাজে কৃচ্ছতাসাধন ও বাহুল্য বর্জনের কথাও বলেন।
মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুসরণ করে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। পাঁচ কোটি বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণসহ সরকারের নির্দেশনা নিষ্ঠার সঙ্গে পালন করা হবে।
সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

