রমজানের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাস শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করা হবে। এর আগে নির্ধারিত উপ-নির্বাচনগুলোর তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং সেগুলো যথাসময়ে সম্পন্ন হবে।
ইসি মাছউদ জানান, আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে পুরো বছর বা একাধিক বছর ব্যস্ত থাকতে হতে পারে। তিনি বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজন করা কমিশনের দায়িত্ব, তবে নির্বাচন সংক্রান্ত আইন প্রণয়ন করবে জাতীয় সংসদ। সংসদ যে আইন করবে, সেই আইন অনুসারেই গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না—এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন বলেও জানান তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো ঘাটতি থাকলে তা খতিয়ে দেখা হবে। এ সময় নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি আব্দুর রহমানেল মাছউদ।

