রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান।
তিনি জানান, দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে আগে থেকেই সেখানে অপেক্ষমাণ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি স্বজনদের কাছে গিয়ে তাদের দুর্দশার কথা শোনেন।
এ সময় হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়। তিনি গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে তারেক রহমান আরও বলেন, নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য দাবি বাস্তবায়নে দলটি কাজ করবে।
উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে পাইলটসহ ৩৫ জন নিহত হন এবং বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়।


