ঢাকা  বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নবায়তুল মোকাররমে যুক্ত হচ্ছে এসকেলেটর, নির্মাণ হবে ১৬৪ ফুটের মিনার

বায়তুল মোকাররমে যুক্ত হচ্ছে এসকেলেটর, নির্মাণ হবে ১৬৪ ফুটের মিনার

দেড় যুগ পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মুসল্লিদের জন্য আরামদায়ক পরিবেশে নামাজ আদায়ের সুযোগ তৈরি এবং মসজিদকে আন্তর্জাতিক মানে উন্নীত করতেই এ উন্নয়ন ও সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৯৯ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) চূড়ান্ত করা হয়েছে, যা পরিকল্পনা কমিশনের অনুমোদন পেয়েছে।

প্রকল্প বাস্তবায়নের সময়কাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের এপ্রিল থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। একনেকের অনুমোদন মিললেই নির্ধারিত সময়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পের আওতায় মসজিদের তিনতলা পর্যন্ত আধুনিক চলন্ত সিঁড়ি স্থাপন করা হবে। পাশাপাশি পূর্ব ও উত্তর দিকে ৮০ ফুট উচ্চতার ফটক নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফটকের দুই পাশে থাকবে ১৬৪ ফুট উঁচু দুটি মিনার। এছাড়া তিনতলা আধুনিক মিলনায়তন নির্মাণ, নারীদের নামাজের স্থান আধুনিকায়ন এবং দক্ষিণ দিকে নারীদের জন্য আলাদা সিঁড়ি স্থাপন করা হবে। অজুখানা ও টয়লেটগুলোও আধুনিকভাবে সংস্কার করা হবে।

এ ছাড়া পশ্চিম দিকে ২০ ফুট এবং উত্তর দিকে ৩৩ ফুট প্রশস্ত হাঁটাপথ নির্মাণ, চারতলা অফিস ভবন তৈরি এবং সাউন্ড সিস্টেম উন্নয়ন করা হবে। মসজিদের ভেতর ও বাইরে আলোকসজ্জা আধুনিকায়ন, লিফট সংযোজন, ভিআরএফ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন, মিলনায়তন উন্নয়ন এবং দক্ষিণ ও পূর্ব পাশে গাড়ি পার্কিংয়ের জায়গা সংস্কারের কাজও প্রকল্পের অন্তর্ভুক্ত।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশি-বিদেশি নান্দনিক মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বায়তুল মোকাররমকে আরও দৃষ্টিনন্দন করে তোলা হবে। এ জন্য আগেই সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করা হয়েছে।

তবে প্রকল্প প্রস্তাবের ক্ষেত্রে কিছু ব্যয় খাত নিয়ে আপত্তি তোলে পরিকল্পনা কমিশন। অন্য ভাতা, আপ্যায়ন, কুরিয়ার সার্ভিস, অফিস ও স্টোর ভাড়া, আসবাব রক্ষণাবেক্ষণ, ডিপিপি প্রণয়নসহ বিবিধ ব্যয় এবং জনবলের গ্রুপ বিমা খাত বাদ দেওয়ার সুপারিশ করা হয়। এসব সুপারিশ মেনে নিয়ে প্রকল্প ব্যয় সমন্বয় করেছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রথমে মসজিদ উন্নয়নে ব্যয় ধরা হয়েছিল ১৩৪ কোটি ৫৭ লাখ টাকা। পরে তা বাড়িয়ে চূড়ান্তভাবে ১৯৯ কোটি টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ১২৫ কোটি টাকা ব্যয় হবে অনাবাসিক ভবন, মিনার ও ফটক নির্মাণে। বিদ্যুৎ সংযোগে ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি টাকা এবং অগ্নিনির্বাপন ব্যবস্থায় সাত কোটি টাকা।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা বিভাগ) বজলুর রশীদ বলেন, মসজিদটিকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই সব পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনতলা পর্যন্ত চলন্ত সিঁড়ি নির্মাণ, আলাদা টয়লেট ব্যবস্থা এবং সার্বিক আধুনিকায়নের মাধ্যমে মুসল্লিদের জন্য আরও সুবিধাজনক পরিবেশ তৈরি করা হবে।

উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদের নির্মাণকাজ শুরু হয় ১৯৬০ সালের ২৭ জানুয়ারি এবং ১৯৬২ সালের ২৬ ডিসেম্বর প্রথম জুমার নামাজের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ, পাঠাগার ও অডিটোরিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে।

RELATED ARTICLES