ঢাকা  বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নবাণিজ্যমেলায় দুরন্ত বাইসাইকেলে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়

বাণিজ্যমেলায় দুরন্ত বাইসাইকেলে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়

পূর্বাচলের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মেলায় অংশ নেওয়া সব বয়সী দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ‘দুরন্ত’ বাইসাইকেলের প্যাভিলিয়ন। সময় সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যাতায়াতের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি এবারও আধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের সাইকেল নিয়ে মেলায় উপস্থিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে দুরন্ত বাইসাইকেলের প্যাভিলিয়নে দেখা যায়, নতুন মডেলের সাইকেল দেখতে এবং বিভিন্ন অফার সম্পর্কে জানতে ক্রেতাদের ভিড়। সংশ্লিষ্টরা জানান, মেলা উপলক্ষে নির্দিষ্ট দুটি মডেল—২১ হাজার ৩৩৫ টাকা মূল্যের ‘এলিট’ এবং ১৭ হাজার টাকা দামের ‘পোর্টার প্লাস’ কিনলে ৭ হাজার ৬৫ টাকা মূল্যের একটি ‘বাইক ট্রেইনার’ বিনামূল্যে দেওয়া হচ্ছে। পাশাপাশি দুরন্তের সব মডেলের সাইকেলে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় রয়েছে। বিশেষ ছাড়ে ৭০ হাজার টাকা মূল্যের ‘ইউরোপিয়ান প্যাডেল অ্যাসিস্ট ইলেকট্রিক সাইকেল’ মেলায় পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার টাকায়।

প্যাভিলিয়নে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা মূল্যের শতাধিক মডেলের সাইকেল প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে জেন জেট, এলিট, হরনেট, জুনিয়র, এভেনজার, সুপ্রিম, গ্রাভিটি, স্করপিয়ন, ক্যামেলিয়া ও স্পাইডারসহ নানা মডেল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।

সাভার থেকে আসা দর্শনার্থী কবির হোসেন জানান, সন্তানকে সাইকেল কিনে দেওয়ার ইচ্ছা থেকেই মেলায় আসা। ছাড়ের খবর শুনে দুরন্তের প্যাভিলিয়নে এসে বিভিন্ন মডেল দেখেন এবং তার সন্তানের পছন্দ হয়েছে ‘জুনিয়র’ মডেলটি।

আরেক ক্রেতা শাহিন হোসেন বলেন, যাতায়াত খরচ কমানো এবং নিয়মিত শরীরচর্চার কথা ভেবেই তিনি একটি সাইকেল কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

দুরন্ত বাইসাইকেল স্টলের ম্যানেজার আমির হোসেন গণমাধ্যমকে বলেন, উন্নত মানের উপকরণ ও টেকসই নকশার কারণে অল্প সময়েই দুরন্ত ক্রেতাদের আস্থা অর্জন করেছে। মেলা উপলক্ষে বড় পরিসরে ছাড় ও নির্দিষ্ট মডেলে ফ্রি ট্রেইনার দেওয়ায় দেশীয় পণ্য হিসেবে ব্যাপক সাড়া মিলছে এবং বিক্রিও সন্তোষজনক।

উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক বাণিজ্যমেলায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৭টি প্যাভিলিয়ন ও স্টল অংশ নিয়েছে। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে ২০০টির বেশি বিআরটিসি শাটল বাস নিয়মিত চলাচল করছে।

RELATED ARTICLES