ঢাকা  বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeখেলাবাংলাদেশের অনুপস্থিতিতে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশের অনুপস্থিতিতে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত

নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না—এই অবস্থানে অনড় বাংলাদেশ। এ কারণে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে দুই দফা চিঠি পাঠায় বিসিবি। তবে আনুষ্ঠানিকভাবে সে চিঠির জবাব না দিয়ে আইসিসি আলোচনার পথেই এগোয়। একপর্যায়ে আইসিসির একজন কর্মকর্তা ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠকও করেন। এরপরও বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না—এ কথা আইসিসিকে স্পষ্টভাবে জানানো হয়।

এই প্রেক্ষাপটে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ আইসিসির জরুরি বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ভেন্যু পরিবর্তনের পথে যাচ্ছে না। বরং বাংলাদেশকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতেই হবে—এমন সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে একদিনের সময় দিয়ে চূড়ান্ত মত জানাতে বলা হয়েছে।

বোর্ড সভায় আরও সিদ্ধান্ত হয়, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে হবে। তবে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে দলসংখ্যা কমিয়ে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করছে না আইসিসি।

বরং বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য একটি দেশকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, স্কটল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবার সুযোগ পেতে পারে ইউরোপের এই দলটি।

RELATED ARTICLES