শেরপুর-৩ সংসদীয় আসন–এর সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসন–এর উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ (সোমবার)।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী—
-
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন: ২ মার্চ
-
মনোনয়নপত্র বাছাই: ৫ মার্চ
-
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল: ৬–১০ মার্চ
-
আপিল নিষ্পত্তি: ১১ মার্চ
-
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ১৪ মার্চ
-
প্রতীক বরাদ্দ: ১৫ মার্চ
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এ দুটি আসনে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পৃথক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ১৬ ফেব্রুয়ারি শূন্য ঘোষিত এ আসনে একজন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারদের আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বৈধভাবে মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান–এর মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ১৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী এ আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি অনুযায়ী পূর্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকায় যাদের নাম রয়েছে, তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও পুনরায় জমা দিতে হবে না।

