আমদানি-রপ্তানি কার্যক্রমে সেবার মান উন্নয়ন ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন বিধিমালার অধীনে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করেছে।
রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহীদের আগামী ৩১ মার্চ ২০২৬ বিকাল ৪টার মধ্যে নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনের লাইসেন্সিং কর্তৃপক্ষের সভাপতির বরাবর আবেদন দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মূল কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।
নতুন বিধিমালা
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, কাস্টমস আইন, ২০২৩–এর ধারা ২৪৩ অনুসরণে কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট লাইসেন্সি বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। এর ফলে আগের কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত হয়েছে।
নতুন এই স্বতন্ত্র বিধিমালার মাধ্যমে সিএন্ডএফ এজেন্টদের কার্যক্রম আরও সহজ ও যুগোপযোগী করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আবেদনের যোগ্যতা (সংক্ষেপে)
-
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি।
-
দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন কোম্পানি আবেদন করতে পারবে, তবে বিদেশি শেয়ার সর্বোচ্চ ৪৯%।
-
এক ব্যক্তি/অংশীদার/শেয়ারহোল্ডার একটির বেশি লাইসেন্স নিতে পারবেন না।
-
আবেদনে কেবল একটি কাস্টমস স্টেশনের নাম উল্লেখ করতে হবে। একাধিক নাম দিলে আবেদন বাতিল হবে।
প্রয়োজনীয় দলিলাদি
বিধি-৬ অনুযায়ী জমা দিতে হবে—
-
জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি
-
ট্রেড লাইসেন্স ও আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ
-
(যদি থাকে) মূসক নিবন্ধন সনদ (মূসক-২.৩)
-
স্নাতক ডিগ্রির সত্যায়িত কপি
-
তিন কপি পাসপোর্ট সাইজ ছবি
-
কোম্পানি হলে মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন
-
পার্টনারশিপ হলে চুক্তিপত্র
-
৫,০০০ টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (ডিরেক্টর জেনারেল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম–এর অনুকূলে)
-
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র
-
অফিস কক্ষের মালিকানা/ভাড়ার প্রমাণপত্র
-
কাস্টমস ও ভ্যাট আইন সংক্রান্ত অভিজ্ঞতার প্রত্যয়নপত্র (যদি থাকে)
পরীক্ষা ও ফলাফল
যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা এবং লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম–এর ওয়েবসাইট (www.cevta.gov.bd)।
প্রবেশপত্র আবেদন ফরমে উল্লেখিত ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে। শর্ত পূরণ না করলে বা নির্ধারিত সময়ের পর আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
কর্তৃপক্ষ প্রয়োজনে পরীক্ষার তারিখ ও সময়সূচী পরিবর্তন করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

