গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তরের আশা প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের মতামত নিয়েই নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নেবে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম কোনো গণমাধ্যম পরিদর্শন।
চ্যানেল আই ভবনে তাকে স্বাগত জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরউদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
এ সময় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ‘মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয়’ শীর্ষক স্মারকে তার ছাত্ররাজনীতি থেকে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশনস) হারুন রশীদ এবং জনপ্রিয় টক-শো তৃতীয় মাত্রা–এর সঞ্চালক জিল্লুর রহমান।
মতবিনিময় সভায় গণমাধ্যমের সামনে থাকা নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়—সংবাদ ব্যবস্থাপনায় বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশন, টেলিভিশনের আর্থিক স্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো ইত্যাদি।
তথ্যমন্ত্রী বলেন, নতুন বাস্তবতায় সমন্বিত সমাধান প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাজনীতি ও গণমাধ্যমকে কর্তৃত্ববাদী অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে। ৫ আগস্টের পরিবর্তনের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছেন, তা অনুধাবন করে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই সংবাদ বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, চ্যানেল আই নিউজের প্রধান বার্তা সম্পাদক মীর মাসরুর জামানসহ বার্তা বিভাগের সাংবাদিকরা।
পরে দেশের টেলিভিশন ইতিহাসে প্রথমবারের মতো এআই প্রযুক্তিতে নির্মিত একটি মিউজিক ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর রচিত নাতে রাসুলটিতে কণ্ঠ দেন অভিনেত্রী-শিল্পী কুসুম সিকদার।
পরিদর্শনের শেষ পর্যায়ে সংবাদ কক্ষ ঘুরে দেখেন মন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সাল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর ও ডিজিটাল অপারেশনস চিফ তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকোর মালিথা এবং চ্যানেল আই অনলাইনের ইনপুট এডিটর ফাহমিদা আখতার।

