ঢাকা  মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক অবস্থা ও নিরাপত্তা...

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক অবস্থা ও নিরাপত্তা বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে ইরানের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে, তা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন। তার নির্দেশনা অনুযায়ী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীও এ বিষয়ে সক্রিয় রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে সাক্ষাৎ করেন। ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে আসাদুল হাবিব দুলু জানান, ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানান।

RELATED ARTICLES