ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

HomeUncategorized‘হ্যাঁ’ ভোটের সমর্থনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের অবস্থান কেন—প্রেস উইংয়ের ব্যাখ্যা

‘হ্যাঁ’ ভোটের সমর্থনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের অবস্থান কেন—প্রেস উইংয়ের ব্যাখ্যা

আসন্ন গণভোটে প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রকাশ্য অবস্থান নিরপেক্ষতার পরিপন্থী কি না—এমন বিতর্কের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ব্যাখ্যা দিয়েছে।

ব্যাখ্যায় বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ও আন্তর্জাতিক গণতান্ত্রিক রীতিনীতির আলোকে এসব সমালোচনা ভিত্তিহীন। বরং সংকটকালে নীরব থাকা নিরপেক্ষতার নিদর্শন নয়, বরং নেতৃত্বের দায় এড়িয়ে যাওয়ার শামিল।

প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকার কেবল দৈনন্দিন প্রশাসন পরিচালনা বা নির্বাচন আয়োজনের জন্য নয়; দীর্ঘদিনের অপশাসন, প্রাতিষ্ঠানিক ভাঙন ও গণআন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রকে স্থিতিশীল করা, গণতান্ত্রিক আস্থা ফিরিয়ে আনা এবং ক্ষমতা হস্তান্তরের আগে প্রয়োজনীয় সংস্কারের কাঠামো দাঁড় করানোই এ সরকারের মূল দায়িত্ব।

ব্যাখ্যায় উল্লেখ করা হয়, গত দেড় বছরে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরামর্শের মাধ্যমে প্রণীত সংস্কার প্রস্তাবেরই ফল বর্তমান সংস্কার প্যাকেজ। তাই এই সংস্কারের পক্ষে অবস্থান না নেওয়ার পরামর্শ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণার প্রতিফলন।

প্রেস উইং আরও জানায়, যে সরকার সংস্কারের ম্যান্ডেট নিয়ে গঠিত, গণতান্ত্রিক সিদ্ধান্তের মুহূর্তে সেই সংস্কার থেকে দূরে থাকার প্রত্যাশা বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিকভাবে কোথাও সরকারপ্রধানদের জন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে নীরব থাকার বাধ্যবাধকতা নেই।

গণতন্ত্রে নেতারা প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরবেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ওপর ছেড়ে দেবেন—এটাই স্বাভাবিক চর্চা। গণভোট কোনো কারিগরি প্রক্রিয়া নয়; এটি জনগণের মত জানার সরাসরি মাধ্যম। সরকারের অবস্থান স্পষ্ট হলে ভোটারদের সিদ্ধান্ত আরও তথ্যভিত্তিক হয়।

ব্যাখ্যায় গণতান্ত্রিক বৈধতার তিনটি শর্ত তুলে ধরা হয়—ভোটারদের স্বাধীনতা, বিরোধী মতের প্রকাশের সুযোগ এবং প্রক্রিয়ার স্বচ্ছতা। বর্তমান প্রেক্ষাপটে এসব শর্ত বজায় রয়েছে বলে জানানো হয়।

প্রেস উইং জানায়, সংস্কার ও গণভোট কোনো বিমূর্ত ধারণা নয়; এটি দীর্ঘদিনের শাসনব্যর্থতা, দুর্বল প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন ও রাজনীতিকৃত রাষ্ট্রীয় ব্যবস্থার বাস্তব প্রতিক্রিয়া। এ অবস্থায় প্রধান উপদেষ্টার সংস্কারপন্থী অবস্থান ধারাবাহিকতা ও জবাবদিহিতারই প্রকাশ। যিনি সমস্যা চিহ্নিত করে সমাধানের নেতৃত্ব দিয়েছেন, তাঁর নীরব থাকা দায়িত্বহীনতা হবে।

আন্তর্জাতিক উদাহরণ হিসেবে যুক্তরাজ্যের ব্রেক্সিট, স্কটল্যান্ডের স্বাধীনতা গণভোট, তুরস্কের সাংবিধানিক গণভোটসহ বিভিন্ন দেশের নজির তুলে ধরা হয়, যেখানে সরকারপ্রধানদের প্রকাশ্য অবস্থানকে গণতান্ত্রিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখা হয়েছে।

বাংলাদেশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো—গণভোটের ফলাফলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক বা নির্বাচনী স্বার্থ জড়িত নয়। সরকারপ্রধান ও উপদেষ্টাদের ক্ষমতা সময়সীমাবদ্ধ এবং তারা ব্যক্তিগত বা দলীয় লাভের অনুসন্ধান করছেন না।

জেলা পর্যায়ে সরকারি প্রচারণা নিয়ে উদ্বেগের জবাবে প্রেস উইং জানায়, এসব কার্যক্রমের উদ্দেশ্য সংস্কারের বিষয়টি স্পষ্ট করা ও ভুল তথ্য প্রতিরোধ করা। সংকটকালীন বাস্তবতায় এটিকে স্বয়ংক্রিয়ভাবে অনৈতিক বলা যায় না।

ব্যাখ্যায় বলা হয়, দেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি সমর্থন নয়, বরং দ্বিধা ও নীরবতা। সংস্কারের দায়িত্ব নিয়ে গঠিত সরকার যদি তা সমর্থন না করে, তবে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।

সবশেষে বলা হয়, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার অবস্থান সংস্কারমূলক ম্যান্ডেট, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের অঙ্গীকার, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চা এবং জনগণের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে—এটাই গণতন্ত্রের মূল নিশ্চয়তা।

RELATED ARTICLES