উন্নয়ন বার্তা রিপোর্ট: তৃতীয় লিঙ্গ বা হিজড়া নামে পরিচিতদের মধ্যেও যে প্রতিভা আছে তার প্রমাণ মিলেছে। তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়েছেন। গত সংসদ নির্বাচনে রংপুরে একজন হিজড়া তার নির্বাচনী প্রচারণা চালান যা মানুষের চোখে পড়ে। এবার ২০২৫-২০২৬ এর প্রস্তাবিত বাজেটে হিজড়াদের কিছু সুবিধা দেয়া হয়েছে।
এদিকে এবারের বাজেটে হিজড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দের দাবি সম্প্রতি জানানো হয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে আলো হিজড়া সংঘ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ দাবি জানায়। এতে এবারের বাজেটেই হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় মানুষদের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন হিজড়া জনগোষ্ঠীর মিস পলি। তিনি বলেন, দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা ১ লাখের বেশি। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাত্র ১০-১২ হাজার। সরকার ২০১৪ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্বীকৃতি পাওয়ার পরও নানা মৌলিক অধিকার থেকে তারা বঞ্চিত।
সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিজড়া সুলতানা আহমেদ সাগরিকা বলেন, হিজড়ারা মাত্র ৬০০ টাকা ভাতা পান। এই টাকা দিয়ে কি কেনা যায়? অথচ অনেক খাতে অনেক টাকা ভাতা দেওয়া হচ্ছে। হিজড়াদের ভাতা বাড়ানোর দাবি জানাই। তিনি জনপ্রতিনিধি হিসেবে আসন্ন রাজশাহী সিটি করপোরেশনের বাজেটে তাদের এই জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ চাইবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি জয়িতা মোহনা মুহিন, কোষাধ্যক্ষ মিস জুলি, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন, প্রোগ্রাম অফিসার রায়হানুল হক প্রমুখ।


