প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পেনের দক্ষিণাঞ্চলের কর্ডোবা শহরের কাছাকাছি আদামুজে এলাকায় সংঘটিত দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এ দুর্ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের উদ্দেশে শোকবার্তা পাঠান। শোকবার্তায় তিনি উল্লেখ করেন, দক্ষিণ স্পেনের কর্ডোবা অঞ্চলে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি গভীর শোক প্রকাশ করছেন। একই সঙ্গে নিহতদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার এ শোকবার্তা প্রকাশ করে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার এই দুঃসংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। তিনি আরও বলেন, শোকাহত পরিবারগুলোর পাশাপাশি এই কঠিন সময়ে স্পেনের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহানুভূতি ও প্রার্থনা রইল।
প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার শান্তি কামনা করে বলেন, সৃষ্টিকর্তা যেন তাঁদের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন। পাশাপাশি দুর্ঘটনায় আহত সবাই যেন দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন—এ জন্যও তিনি প্রার্থনা জানান।

