উন্নয়ন বার্তা ডেস্ক: সৌদি আরবের দাম্মামে আজ শনিবার রাতে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। ইতোমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কনা ও আকাশ মাহমুদ।
সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই উৎসব বিশ্ব সংস্কৃতিকে এক প্ল্যাটফর্মে তুলে ধরার প্রয়াস। বাংলাদেশের শিল্পীদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা সংগীতের পরিচিতি ও অবস্থানকে আরও দৃঢ় করছে।

