ঢাকা  বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবিশ্বসুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের

সুপ্রিম কোর্টের রায়ের পর একতরফা শুল্ক বাতিলের আহ্বান চীনের

চীন যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে আরোপিত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে, যখন মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বেশ কিছু শুল্ক বাতিল করার রায় দেয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, ছয়-তিন ভোটে দেওয়া রায়ে আদালত উল্লেখ করে যে ১৯৭৭ সালের একটি আইনের আওতায় ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের ওপর আকস্মিক শুল্ক আরোপ করেছিলেন, সে ক্ষমতা তার নেই। এই রায় বৈশ্বিক বাণিজ্যে বড় প্রভাব ফেলেছে।

রায়ের পর ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। প্রথমে তিনি ভিন্ন আইনি ক্ষমতার আওতায় আমদানির ওপর ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন, পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন। নতুন এই শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে এবং কিছু পণ্যে ছাড় রেখে এটি ১৫০ দিন পর্যন্ত বহাল থাকতে পারে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা রায়ের প্রভাব ‘সমগ্রিক মূল্যায়ন’ করছে। পাশাপাশি ওয়াশিংটনকে একতরফা শুল্ক ব্যবস্থা বাতিলের আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের ভাষ্য, “বাণিজ্যযুদ্ধে কোনো পক্ষই বিজয়ী হয় না এবং সুরক্ষাবাদ কোথাও নিয়ে যায় না।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি বিকল্প ব্যবস্থা—যেমন বাণিজ্য তদন্ত—নিয়ে বাড়তি শুল্ক বজায় রাখার চেষ্টা করে, তবে তারা ঘনিষ্ঠ নজর রাখবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে।

 

RELATED ARTICLES