বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বাদশা শেখকে আটক করেছে।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। অভিযানে বাদশা শেখ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।
আটকের সময় তার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করতেন।
কোস্টগার্ড জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ জানান, সদস্যদের নির্বাচনী দায়িত্বে ব্যস্ততার সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র আবার সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় এবং করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা ধ্বংস করা হয়েছে।

