উন্নয়ন বার্তা প্রতিবেদন: অর্থ উপদেষ্টার নেতৃত্বে ৫ সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের লক্ষ্যে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৩১ মে শনিবার অর্থ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রণোদনা প্রদানের মাধ্যমে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আগামী এক মাসের মধ্যে মতামত প্রদান করবেন। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।

