আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে নির্বাচনী প্রতিযোগিতায় এখন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী মাঠে রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে মোট ২৯৮টি আসনে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসি কর্মকর্তারা জানান, ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়। পরে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৩৯ জন আপিল করেন, যার মধ্যে ৪৩১ জন আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।
আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।

