স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী ১২ মার্চ শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করা হবে।
আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে, যার মধ্যে কিছু স্পর্শকাতর বিষয়ও রয়েছে। সংসদের নিয়ম অনুযায়ী প্রথম দিনেই এসব অধ্যাদেশ উপস্থাপন করা হবে এবং কোনগুলো হুবহু গৃহীত হবে, কোনগুলো সংশোধনীসহ পাস হবে কিংবা কোনগুলো বাতিল বা তামাদি হবে—তা জাতীয় সংসদে নির্ধারিত হবে।
তিনি আরও জানান, এ বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। সংসদ অধিবেশন শুরু হলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

