নানা জল্পনার পর, রমজান উপলক্ষে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয় বার্ষিক ছুটির তালিকা সংশোধন করে এই ঘোষণা দেয়।
যদিও রাতের ঘোষণার কারণে অনেক অভিভাবক বিষয়টি জানতে পারেননি। স্কুল থেকেও কোনো নোটিশ দেওয়া হয়নি। ফলে বৃহস্পতিবার সকালে অনেক শিক্ষার্থী-অভিভাবক স্কুলে গিয়ে ফিরে আসতে বাধ্য হন। রাজধানীর বাড্ডা, বনশ্রী, মালিবাগ, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় স্কুলের সামনে ভিড় লক্ষ্য করা গেছে। পরে নোটিশ দেখার পর শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়। কোথাও কোথাও অভিভাবকরা সন্তানকে সঙ্গে নিয়ে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকলেও নোটিশ না পাওয়ায় পরে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ছুটির বিষয়টি জানতে পারেন।
ছুটির আগাম ঘোষণা না থাকায় অভিভাবকরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বাড্ডার আলাতুন্নেছা হাই স্কুলের এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক বলেন, “এ সিদ্ধান্ত একদিন আগে জানা থাকলে এই ভোগান্তি এড়ানো যেত।” মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী শাখার এক অভিভাবক বলেন, “রাতে ফেসবুকে দেখেছিলাম স্কুল ছুটি। কিন্তু নিশ্চিত হতে পারিনি, তাই সকালে স্কুলে গিয়ে দেখলাম।”
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করে। এতে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক সব বিদ্যালয়ে রমজানের ছুটি আজ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার এবং পরবর্তী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি, শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করবেন।
অন্যদিকে, মাদরাসা ও কলেজে পুরো রমজান মাসে ছুটি রাখা হয়েছিল। তাই এসব প্রতিষ্ঠানে ১৮ ফেব্রুয়ারি থেকে ছুটি শুরু হয়েছে।

