আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠি থেকে সোমবার এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে।
এতে আরও জানানো হয়, প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান শুরু করবেন। এ সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে রাজনৈতিক দল ও প্রার্থীদের স্বচ্ছ ধারণা দিতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন দুইজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত টেকনিক্যাল প্রতিনিধি উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

