মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহ করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগের আওতায় সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বাজারে মূল্য নিয়ন্ত্রণে সহায়তা হবে এবং সাধারণ ভোক্তারা পুষ্টিকর খাদ্য সহজে পাবে। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, জনগণের কল্যাণে সরকারের এই ধরনের উদ্যোগ নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

