ইউক্রেনের নিরাপত্তা প্রধান রোববার জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এ সপ্তাহে দাভোসে এসব বিষয়ে আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।
এএফপি জানায়, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রে একাধিক দফা আলোচনা হয়েছে এবং দাভোসে নিরাপত্তা নিশ্চয়তা সংক্রান্ত একটি নথিতে স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে।
নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ও যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দাভোস অর্থনৈতিক ফোরামে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
রাশিয়ার আগ্রাসনের চতুর্থ বার্ষিকীর প্রাক্কালে এ আলোচনা অনুষ্ঠিত হলো। এর মধ্যে তীব্র শীতের সময় রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে এবং বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হচ্ছে।
ইউক্রেনীয় প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের সঙ্গেও বৈঠক করেছেন। কিয়েভ যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে মিত্রদের স্পষ্ট অবস্থান জানতে চায়।
জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় নথি প্রস্তুতের কাজ চলছে। তবে তিনি সন্দেহ প্রকাশ করেন, রাশিয়া আদৌ যুদ্ধ শেষ করতে চায় কি না। তার অভিযোগ, মস্কো নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করছে।
তিনি জানান, প্রায় ৫৮ হাজার কর্মী বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যবস্থা মেরামতে কাজ করছেন এবং রাজধানীর পরিস্থিতি অত্যন্ত কঠিন।
এদিকে, ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ কিরিলো বুদানোভ জানান, রুশ হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সহায়তার জন্য ইতালি তাপ সরঞ্জাম সরবরাহ করবে।

