চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় ইফতারের সময় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল–এ ভর্তি করেন।
নিহতের চাচাশ্বশুর ও চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, হুমায়ুন কবির রিপন যশোর ক্যান্টনমেন্ট–এ কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বারিয়ালী গ্রামে। ছুটি নিয়ে শনিবার বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আফরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
অপর মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০), রাহুল (২০) এবং রঘুনাথপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত সেনা সদস্যের মরদেহ নিয়ে যায়।

