ঢাকা  শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নব্যবসা পরিচালনায় প্রতিযোগিতা আইনের জ্ঞান অপরিহার্য

ব্যবসা পরিচালনায় প্রতিযোগিতা আইনের জ্ঞান অপরিহার্য

ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু ও ন্যায্য পরিবেশ বজায় রাখতে প্রতিযোগিতা আইন সম্পর্কে ব্যবসায়ীদের সুস্পষ্ট ধারণা থাকা জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, প্রতিযোগিতা আইনের উদ্দেশ্য কাউকে শাস্তির আওতায় আনা নয়; বরং বাজারে প্রতিযোগিতা-বিরোধী কার্যক্রম রোধের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘প্রতিযোগিতা আইন, ২০১২ ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী’ বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও এফবিসিসিআই যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. আবদুর রহিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন (সচিব) এ এইচ এম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতা আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি দেওয়াই মুখ্য নয়; বরং বাজারে একচেটিয়াতা, কারসাজি ও অন্যান্য প্রতিযোগিতা-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করে ব্যবসায়িক ভারসাম্য রক্ষা করাই এর মূল লক্ষ্য।

সভার শুরুতে প্রতিযোগিতা আইন, ২০১২-এর লক্ষ্য ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দায়িত্ব ও কার্যক্রম নিয়ে একটি উপস্থাপনা দেন কমিশনের সহকারী পরিচালক নুরুদ্দিন জোবায়ের।

মুক্ত আলোচনা পর্বে ব্যবসায়ী নেতারা মাঠ পর্যায়ে, বিশেষ করে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তারা বলেন, আইন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে তা সঠিকভাবে পরিপালন করা কঠিন হয়ে পড়ে।

একই সঙ্গে প্রতিযোগিতা আইনের বিধি প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়া এবং কমিশনের শুনানি কার্যক্রমে এফবিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত করার জোর দাবি জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার ও ড. আফরোজা বিলকিস এবং এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

RELATED ARTICLES