ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeআইন-আদালতবুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন

বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন

ঢাকার কামরাঙ্গীরচর থানার নারী ও শিশু নির্যাতন মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম, নিজাম, মনির হোসেন সেন্টু ও সাইফুল ইসলাম। এদের মধ্যে সাইফুল ইসলাম পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে। অপর তিনজনকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। তাদের পূর্বের হাজতবাস সাজা থেকে সমন্বয় হবে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী তার এক বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় বেড়াতে যান। অভিযোগে বলা হয়, সন্ধ্যার দিকে কয়েকজন আসামি তাকে জোরপূর্বক একটি নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তাকে একটি বাড়ির কক্ষে আটকে রাখা হয়। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে নিয়মিত মামলা হয়। তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০–এর ৯(৩) ধারায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারক মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিদের দোষী সাব্যস্ত করেন।

রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রায়ের অনুলিপি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দেন আদালত।

RELATED ARTICLES