উন্নয়ন বার্তা প্রতিবেদন: বিএনপির তিনটি অঙ্গ সংগঠনের তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে। মূল আনুষ্ঠানিকতা ২৮ মে বুধবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল। মঞ্চ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে গান ভেসে আসছে সমাবেশে।
২৮ মে বুধবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।
সকাল থেকেই রাজধানীসহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে।
সমাবেশে আগত তরুণ নেতাকর্মীরা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা বন্ধ করারও আহ্বান তাদের।


