ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান এর সাক্ষাৎ বিকেলে

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান এর সাক্ষাৎ বিকেলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিষয়টি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরের সময় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর পর গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। পরে ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তারেক রহমান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আয়োজনের কথাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।

RELATED ARTICLES