প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ির বদলে নিজের ব্যক্তিগত টয়োটা ব্যবহার করছেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, তিনি সাভার, শেরে বাংলা নগর ও সচিবালয়ে যাতায়াত করেছেন নিজের গাড়িতেই। যানজট কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহর ১৩–১৪টি থেকে কমিয়ে চারটিতে নামানো হয়েছে এবং শপথের পর প্রথম দিন তিনি পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেন।
তিনি আরও সিদ্ধান্ত নিয়েছেন যে অধিকাংশ মন্ত্রিসভা বৈঠক সচিবালয়েই হবে, যাতে ভিআইপি চলাচলে জনভোগান্তি কমে। রাজধানীতে যাত্রাপথে সড়কের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রচলিত নিয়মও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান এবং পরে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

