উন্নয়ন বার্তা প্রতিবেদন: ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ভালো করেছে বাটা শু কোম্পানি। জানুয়ারি-মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির আয় ও নগদ প্রবাহ—উভয় ক্ষেত্রেই ভালো প্রবৃদ্ধি দেখা গেছে। এর পেছনে মূল চালিকা শক্তি ছিল রাজস্ব বৃদ্ধি।
বছরের প্রথম প্রান্তিকে বাটা শু কোম্পানির মুনাফা হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ দশমিক ৯২ টাকা; গত বছরের একই সময় যা ছিল ১৩ দশমিক ৪২ টাকা।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকের পর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আজ এই ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে গত এপ্রিল মাসে বাটা শু (বাংলাদেশ) লিমিটেড ২০২৪ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বিবরণ অনুযায়ী, গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে। ২০২৪ সালে কোম্পানিটির ইপিএস ২৬ শতাংশ কমে দাঁড়ায় ২১ টাকা ৬২ পয়সা। আগের বছর যেখানে শেয়ারপ্রতি আয় হয়েছিল ২৯ টাকা ৩১ পয়সা। তবে এবার বছরের প্রথম প্রান্তিকেই কোম্পানিটির শেয়ারপ্রতি আয় শতভাগ বেড়ে যাওয়া ইতিবাচক বলেই মনে করছেন বিনিয়োগকারীরা। এর আগে ২০২৩ সালে বাটা লভ্যাংশ দিয়েছে ৪৩৫ শতাংশ, ২০২২ সালে ৩৬৫ শতাংশ, ২০২১ সালে ৭৫ শতাংশ ও ২০২০ সালে ২৫ শতাংশ।

