পুঁজিবাজারে অটোমেশন, কাঠামোগত আধুনিকায়ন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)কে নেতৃত্বের দায়িত্বে দেখতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত কমিশন সভাকক্ষে বিএসইসি ও সিডিবিএলের মধ্যে এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন এবং সিডিবিএলের পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তপন চৌধুরী।
আলোচনায় পুঁজিবাজারের অটোমেশন, কাঠামোগত সংস্কার, কেওয়াইসি সিস্টেম উন্নয়ন, সার্ভেইল্যান্স ব্যবস্থার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতকরণসহ সার্বিক বাজার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক গুরুত্ব পায়।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করা জরুরি। নতুন আইপিও বিধিমালার মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরও পেশাদার প্রক্রিয়ায় প্রাইস ডিসকভারির সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, কেওয়াইসি সিস্টেম ও সার্ভেইল্যান্স ব্যবস্থার আধুনিকায়নসহ পুঁজিবাজার উন্নয়নে সিডিবিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চায় কমিশন।
তিনি জানান, পুঁজিবাজার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সিডিবিএলকে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়নে কাস্টডিয়ানের মতো নতুন দায়িত্বেও সিডিবিএলকে দেখতে আগ্রহী বিএসইসি।
এ সময় সিডিবিএলের চেয়ারম্যান তপন চৌধুরী বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য কোম্পানিগুলোর পুঁজিবাজারমুখী হওয়া প্রয়োজন। পুঁজিবাজারের উন্নয়নে সিডিবিএল সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মোতালেব, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

