ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি পালিত হবে।

পবিত্র শবেবরাত আগামী ৩ ফেব্রুয়ারি পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিনে পূর্ণ হয়। ফলে বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা অফিস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় কমিটি।

শাবান মাসের ১৫তম রাত, অর্থাৎ ১৪ শাবান দিবাগত রাতেই লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সে হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতই শবেবরাতের পবিত্র রাত। শবেবরাত উপলক্ষে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

শবেবরাতের এই বরকতময় রাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য ইবাদত-বন্দেগির মাধ্যমে সময় অতিবাহিত করেন। শাবান মাস শেষ হওয়ার পরই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রস্তুতি হিসেবে সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 
 
RELATED ARTICLES