হযরত শাহজালাল (রহ.)সহ অসংখ্য অলি-আউলিয়ার স্মৃতিবিজড়িত সিলেট থেকে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।
দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই তার প্রথম জনসভা। একই সঙ্গে দীর্ঘ প্রায় ২২ বছর পর সিলেটে কোনো সমাবেশে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, ১৯৭৮ সালে আলিয়া মাদ্রাসা মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সর্বশেষ ২০১৩ সালে বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া এখানে বক্তব্য দেন। আগামীকাল ২২ জানুয়ারি সকাল ১০টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রায় ৮০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৬ ফুট উচ্চতার মঞ্চটি প্রস্তুত করা হচ্ছে। আজ বুধবার বিকেল থেকেই মঞ্চের সামনে উৎসাহী নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
তারেক রহমানকে স্বাগত জানাতে সিলেট ও সুনামগঞ্জ বিএনপির সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরজুড়ে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল, লিফলেট বিতরণ এবং প্রচারণা চলছে।
আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি হবে বলে আশা করছেন আয়োজকরা। এ লক্ষ্যে মঞ্চ নির্মাণ, প্যান্ডেল, মাইকিং, স্বেচ্ছাসেবক দল নিয়োজিতকরণ এবং যানবাহন পার্কিংসহ সার্বিক প্রস্তুতি তদারকিতে জেলা নেতৃবৃন্দ একাধিকবার মাঠ পরিদর্শন করেছেন।
দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও তার এই সফর নিয়ে প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে স্বাগত ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

