ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeশিক্ষাঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন করে রোববার (১৮ জানুয়ারি) চূড়ান্ত খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। দ্রুতই অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে।

রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হয়েছে। এর মধ্যে ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের মতামত সংগ্রহ, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ।

এতে আরও উল্লেখ করা হয়, অধ্যাদেশের খসড়া প্রস্তুতের সময় সবার যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উপযোগী একটি কাঠামো নির্ধারণই ছিল বিভাগের প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট সবার ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ফলেই এই জটিল প্রক্রিয়াটি চূড়ান্ত পর্যায়ে নেওয়া সম্ভব হয়েছে। পাশাপাশি, অগ্রগতির তথ্য নিয়মিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মৌলিক ও অবকাঠামোগত সংস্কারগুলো পরিকল্পিতভাবে ও ধাপে ধাপে সম্পন্ন করা জরুরি। যেকোনো পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এ অবস্থায়, অধ্যাদেশটি যেহেতু সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাই জনদুর্ভোগ সৃষ্টি হয় বা স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়—এমন কোনো কর্মসূচি বা কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের অর্জন ও পরিশ্রমকে ব্যর্থ করে দিতে পারে।

সবশেষে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় আশাবাদী যে পারস্পরিক সহযোগিতা ও ধৈর্যের এই ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

RELATED ARTICLES