সরকার ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন ছয়জন প্রশাসক নিয়োগ দিয়েছে।
‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী এ নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-১ শাখা) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্পোরেশন পুনর্গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ছয় ব্যক্তি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন—
-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: মো. আব্দুস সালাম
-
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: মো. শফিকুল ইসলাম খান
-
খুলনা সিটি কর্পোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
-
সিলেট সিটি কর্পোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
-
গাজীপুর সিটি কর্পোরেশন: মো. শওকত হোসেন সরকার
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মেয়রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

