উন্নয়ন বার্তা ডেস্ক: প্রেক্ষাগৃহ থেকে ন্যায্য হিস্যা পাওয়ার প্রশ্নে ঐকমত্যে এসেছেন ঢাকাই সিনেমার প্রযোজকেরা। আজ বুধবার দুপুরে গুলশান-২ নম্বরের এক রেস্তোরাঁয় এক বৈঠক করেছেন তাঁরা। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করেছেন তাঁরা।
বৈঠক নিয়ে প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘প্রযোজকের স্বার্থরক্ষার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রেক্ষাগৃহের মানি শেয়ারিংয়ের ন্যায্য হিস্যা নিয়ে আমরা আলোচনা করেছি।’
স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, শ্যামলী, মধুমিতাসহ দেশের শীতাতপনিয়ন্ত্রিত সব প্রেক্ষাগৃহেই এসি রক্ষণাবেক্ষণের নামে মোটা অঙ্কের অর্থ কেটে নেওয়া হয়। প্রেক্ষাগৃহের এই ‘অন্যায্য’ বিল মেটাতে গিয়ে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছেন প্রযোজকেরা। তবে মাল্টিপ্লেক্সগুলো বলছে, চিরকাল ধরেই এমন বিল নেওয়া হয়। এর মধ্যে এসি রক্ষণাবেক্ষণের বিল কমানোর প্রস্তাব দিয়েছেন প্রযোজকেরা। টিকিট বিক্রির অর্থের নায্য হিস্যা চেয়েছেন তাঁরা।


