উন্নয়ন বার্তা প্রতিবেদন: বাংলাদেশে রাজশাহীর দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে সরকার ‘জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য’ হিসেবে ঘোষণা করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে গতকাল জারি করা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়; যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী কার্যকর হবে।
জনসংখ্যা বৃদ্ধি ও মানবসৃষ্ট চাপে এ জলাভূমির জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। অভয়ারণ্য ঘোষণার ফলে এখন থেকে ওই এলাকাগুলোয় পাখি ও বন্যপ্রাণীর নিরাপদ আবাস নিশ্চিত হবে বলে মনে করছে সরকার। একই সঙ্গে শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্রে পরিণত হবে।
জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেক আইন রয়েছে যেগুলো জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য করা হয়েছে। অনেক আইন নিয়ে কোনো কাজই হয়নি। আমরা একটা একটা করে কাজ শুরুর উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো দুটি গুরুত্বপূর্ণ জলাভূমিকে জলাভূমিনির্ভর প্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন আমাদের কাজ হলো এগুলোর ব্যবস্থাপনা কীভাবে হবে সেদিকে মনোযোগ দেয়া। আমরা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এ সম্পর্কিত একটা নির্দেশনাও তৈরি করব।’
সারা দেশে বিশেষ ধরনের গাছ ও বন সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ লক্ষ্যে জাতীয় ঐতিহ্য, স্মারক বৃক্ষ, পবিত্র বৃক্ষ, প্রাচীন বৃক্ষ ও কুঞ্জবন ঘোষণার আবেদন আহ্বান জানিয়েছে বন অধিদপ্তর।

