তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। জনগণের আস্থা ও সমর্থনের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান দায়িত্ব এবং তাদের চাওয়া-পাওয়া পূরণ করাই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য।
রোববার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে গৌরনদী-আগৈলঝাড়া এলাকার ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব সরকার গঠন করা হয়েছে। তারেক রহমান–এর নেতৃত্বে সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, “সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন জনগণের ক্ষতির কারণ না হন। রাজনীতি কোনো ব্যক্তিগত পেশা নয়, এটি মানুষের অধিকার রক্ষার একটি অঙ্গীকার।”
দায়িত্ববোধ, ধৈর্য, দেশপ্রেম ও জনগণের প্রতি আস্থা নিয়ে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমকে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীলভাবে কাজ করতে দিতে হবে। সরকারি দলের প্রচারযন্ত্র হিসেবে নয়, বরং দেশের বাস্তব পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। মাঠপর্যায়ের সাংবাদিকদের চাকরি ও জীবন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।
অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতির বড় ভিত্তি কৃষি খাত। গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স গুরুত্বপূর্ণ হলেও অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষকরা সহজে বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্রপাতি সংগ্রহ করতে পারেন। এছাড়া কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণাও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল ও শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

