ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeআইন-আদালতইশরাকের সমর্থকদের বিক্ষোভ: নগর ভবনে তালা

ইশরাকের সমর্থকদের বিক্ষোভ: নগর ভবনে তালা

উন্নয়ন বার্তা প্রতিবেদন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে ১৯ মে সোমবারও বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা।

সকাল ১০টা থেকে বিকেল চারটার কিছু আগে পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কের একপাশ বন্ধ করে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকেরা। ট্রাক এবং দড়ি দিয়ে সড়ক বন্ধ করে অবস্থান নেন তাঁরা। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে গুলিস্তান সদরঘাট সড়কে।

সরেজমিনে দেখা যায়, গুলিস্তান মাজার থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এলাকা দখলে রাখেন ইশরাকের সমর্থকেরা। নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বসানো মাইকে চলে স্লোগান। ছোট ছোট মিছিল বের হয় । নগর ভবনের প্রধান ফটকের সামনে সংগীত পরিবেশন করা হয়।

‘ঢাকাবাসী’ ব্যানারে আজ ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইশরাকের সমর্থকেরা। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন সাবেক সচিব মশিউর রহমান।

বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন, যত দিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে, তত দিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিএনপির বৈদেশিক–বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের পর ইশরাককে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরও কোনো উদ্যোগ না নেওয়ায় গত বুধবার থেকে তাঁর সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এদিকে ইশরাকের পক্ষে মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল না করার বিষয়ে কোনো আইনি জটিলতা আছে কি না, সে সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে।

RELATED ARTICLES