ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নগবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি

গবেষণা উপপ্রকল্প বাস্তবায়নে ১২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির চুক্তি

অ্যাকাডেমিক প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৩৮ কোটি ২১ লাখ টাকার চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই অর্থায়নে মোট ২০টি গবেষণা উপপ্রকল্প বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের আওতায় গবেষণা ও উন্নয়ন অনুদান উপখাত থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ইউজিসি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউজিসি সচিব, অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং সংশ্লিষ্ট উপপ্রকল্পের প্রধান গবেষকদের মধ্যে ত্রিপক্ষীয় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, নতুন বাংলাদেশ গঠনে তথ্যপ্রযুক্তি খাতে গবেষণা সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বরাদ্দকৃত অর্থ সঠিক ও দায়িত্বশীলভাবে ব্যবহারের আহ্বান জানান এবং বলেন, সমাজের বাস্তব সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় গবেষণার অবদান অপরিহার্য।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বলেন, আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া সহযোগিতা বৃদ্ধিতে ইউজিসির এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জ্ঞানভিত্তিক অর্থনীতি ও প্রযুক্তি শিক্ষার বিকাশে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন এবং এডিবির সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক গাজী মো. নজরুল ইসলাম বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

ইউজিসি সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর মাসে গবেষণা অনুদানের জন্য প্রস্তাব আহ্বান করা হলে ১৬২টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৯টি সরকারি ও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০টি উপপ্রকল্প চূড়ান্ত করা হয়।

অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি বিশ্ববিদ্যালয়। উপপ্রকল্পের সংখ্যায় বুয়েট সর্বোচ্চ পাঁচটি, ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইউনিভার্সিটি দুটি করে এবং বাকি আটটি বিশ্ববিদ্যালয় একটি করে উপপ্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে।

পাঁচ বছর মেয়াদি আইসিএসইটিইপি প্রকল্পের মোট ব্যয় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা, যার ৮৭ দশমিক ৭২ শতাংশ অর্থায়ন করছে এডিবি এবং অবশিষ্ট অর্থ বহন করছে বাংলাদেশ সরকার।

অনুষ্ঠানে গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষক, ইউজিসি ও প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES