গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশব্যাপী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
নির্বাচন পর্যবেক্ষণ ও সহায়তা কার্যক্রমের দায়িত্বে থাকা উপদেষ্টারা আজ ১৫ জানুয়ারি থেকে এ উদ্যোগ গ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে তারা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় সফর করে গণভোটের গুরুত্ব, লক্ষ্য ও প্রক্রিয়া সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রচারণাকালে উপদেষ্টারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রচার কার্যক্রমের প্রথম দিনে আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

