ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

HomeUncategorizedক্যালিফোর্নিয়ার তুষারধসে নিহত সর্বশেষ ব্যক্তির মরদেহ উদ্ধার

ক্যালিফোর্নিয়ার তুষারধসে নিহত সর্বশেষ ব্যক্তির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিয়েরা নেভাদা পর্বতমালায় ভয়াবহ তুষারধসে নিখোঁজ নবম ও সর্বশেষ ব্যক্তির মরদেহ শনিবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেভাডা কাউন্টি শেরিফের কার্যালয়

লেক তাহো এলাকার ৯ হাজার ১০৯ ফুট উচ্চতার ক্যাসল পিক–এ মঙ্গলবার ব্যাককান্ট্রি স্কি সফরের সময় এ দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

চারজন গাইড ও ১১ জন অর্থপ্রদানকারী স্কিয়ার নিয়ে গঠিত দলের মধ্যে ছয়জন জীবিত ফিরে আসেন। আধুনিক মার্কিন ইতিহাসে এটি অন্যতম প্রাণঘাতী তুষারধস হিসেবে বিবেচিত হচ্ছে।

শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ১৭ ফেব্রুয়ারি ক্যাসল পিকে সংঘটিত তুষারধসে নিহত নয়জনের মরদেহ নিরাপদে পাহাড় থেকে উদ্ধার করা হয়েছে। শেরিফ শ্যানান মুন বলেন, এই ক্ষতির গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোকে তারাও সমব্যথী।

প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হয়। তীব্র তুষারঝড়, শূন্য দৃষ্টিসীমা এবং নতুন করে তুষারধসের আশঙ্কা উদ্ধারকাজকে ঝুঁকিপূর্ণ করে তোলে। জীবিত ছয়জনের মধ্যে পাঁচজন ক্লায়েন্ট ও একজন গাইড দুর্ঘটনার কিছুক্ষণ পর সহায়তার জন্য ফোন করতে সক্ষম হন, তবে উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ছয়জন নিহতের পরিবার জানায়, তারা সবাই নারী—মা, স্ত্রী ও বন্ধু। প্রকৃতির প্রতি গভীর ভালোবাসাই তাদের একত্র করেছিল। পরিবারগুলোর ভাষ্য, তারা ছিলেন অভিজ্ঞ ও উৎসাহী স্কিয়ার এবং পাহাড়ে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন।

RELATED ARTICLES