ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeখেলাকাতার ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

কাতার ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

শনিবার দোহায় নিজের বিধ্বংসী ফর্ম দেখিয়ে কার্লোস আলকারাজ কাতার ওপেনের শিরোপা জিতেছেন। ফাইনালে তিনি আর্থার ফিলস–কে ৬-২, ৬-১ ব্যবধানে হারান।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আলকারাজ মাত্র ৫০ মিনিটের কিছু বেশি সময়ে ম্যাচ শেষ করেন। এর মাধ্যমে তিনি ক্যারিয়ারের ২৬তম শিরোপা জিতলেন। এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে মাত্র ২২ বছর বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ডও গড়েন তিনি। দোহায় প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে টানা জয়ের ধারা ১২ ম্যাচে উন্নীত করলেন স্প্যানিশ তারকা।

আলকারাজ বলেন, “আমি এ বছর আরও ক্ষুধার্ত হয়ে এসেছি। প্রতিটি টুর্নামেন্টের পর আমাদের নতুন লক্ষ্য ঠিক করতে হয়। কোর্টে ও কোর্টের বাইরে আমার দল যা করেছে, তাতে আমি ভীষণ খুশি ও গর্বিত। বছরের শুরুটা খুব শক্তিশালী হয়েছে। যদিও কাজটা মোটেও সহজ ছিল না। মানসিকভাবে পুরো দলসহ শক্ত থাকতে হয়েছে। আমি দারুণ টেনিস খেলছি এবং এই সপ্তাহ নিয়ে খুবই সন্তুষ্ট। এই ট্রফির মূল্য আমার কাছে অনেক।”

৪০তম র‌্যাঙ্কধারী ফিলস দীর্ঘ ইনজুরির পর ধীরে ধীরে কোর্টে ফিরছেন। দারুণ এক সপ্তাহ কাটালেও স্পেনের নাম্বার ওয়ানের বিপক্ষে তিনি শেষ পর্যন্ত পেরে ওঠেননি। এর আগে তিনি শীর্ষ-১০ বাছাই জাকুব মেনসিক ও জিরি লেহেকাকে হারিয়েছিলেন।

২০২৪ সালে টোকিওর পর এটি ছিল ফিলসের প্রথম ট্যুর-লেভেল ফাইনাল। এই পারফরম্যান্স তাকে পরবর্তী এটিপি র‌্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উন্নীত করবে।

ফিলস বলেন, “চোট নিয়ে দীর্ঘ আট মাস কেটেছে। এই দিনগুলোতে আমাকে সেই কঠিন সময়ের কথা ভাবতে হয়, যখন আমি টেনিসই খেলতে পারিনি। আমি আমার দলকে ধন্যবাদ জানাতে চাই। আজ আমার দিন ছিল না, কিন্তু আমরা দারুণ কাজ করেছি।”

RELATED ARTICLES